আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ১ নম্বর বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি সহায়তা ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকার সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, শিক্ষা উপকরণ সরবরাহ এবং তাদের শিক্ষাজীবনকে সহজ ও সুন্দর করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, শিক্ষার মান উন্নত হলে দেশের অগ্রগতিও ত্বরান্বিত হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং মেধা ও মননের বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় নেতারা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠান শেষে একই ভেন্যুতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ মাকসুদুল হাসান চৌধুরী।










