আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তুতির কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে বাজেট প্রণয়নের আগে শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও বিশিষ্টজনদের কাছ থেকে প্রস্তাব চেয়েছে সংস্থাটি।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, অংশীদারিত্বমূলক, গণমুখী ও সুষম বাজেট তৈরির জন্য রাজস্ব নীতিমালা প্রণয়নে আগ্রহী সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত মতবিনিময় ও আলোচনা আয়োজনের পাশাপাশি এবারো বিভিন্ন পর্যায়ের করদাতাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে।
এনবিআর চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর কাছে ২০ মার্চ ২০২৫ এর মধ্যে বাজেট প্রস্তাব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে জমা দিতে অনুরোধ করেছে। সঙ্গে আরো একটি সফট কপি সংযুক্ত করে nbrbudget2025@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে এনবিআরে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এছাড়া যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি একই ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন।
এনবিআর আরো জানিয়েছে, প্রাপ্ত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংস্থাটি আশা করছে, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি অংশীদারিত্বমূলক, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একই সঙ্গে রাজস্ব সম্ভাবনাময় বাজেট তৈরি করা সম্ভব হবে।










