গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ ও অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে সংবাদপত্র ও সাময়িকীর সরকারি বিজ্ঞাপনের হার নতুন করে নির্ধারণ করে পরিপত্র জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নতুন এ হার ১৩ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

গতকাল জারি করা পরিপত্রে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের বিজ্ঞাপনের হার প্রচার সংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

এসব পত্রিকার প্রচার সংখ্যা ৬-৭ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪৫০ টাকা। প্রচার সংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে অতিরিক্ত প্রতি এক হাজারের জন্য ৭ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার পর্যন্ত ৬ টাকা ও ৫০ হাজার ১ থেকে ৯০ হাজার পর্যন্ত ৫ টাকা করে বাড়বে। প্রচার সংখ্যা ৯০ হাজারের বেশি হলে অতিরিক্ত প্রতি এক হাজারের জন্য ৪ টাকা করে বাড়বে। এ শ্রেণীর পত্রিকার সর্বোচ্চ বিজ্ঞাপন হার ১ হাজার ১০০ টাকা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৪ থেকে ৫ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪২০ টাকা। প্রচার সংখ্যা ৫ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে অতিরিক্ত প্রতি এক হাজারের জন্য ৬ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার পর্যন্ত ৫ টাকা এবং ৫০ হাজারের বেশি হলে ৪ টাকা করে বাড়বে। এ শ্রেণীর সর্বোচ্চ বিজ্ঞাপন হার ৮৫০ টাকা।

পরিপত্রে বলা হয়েছে, নতুন বিজ্ঞাপন হার শুধু সরকারি মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র ও সাময়িকীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতিটি পত্রিকা ও সাময়িকীর প্রযোজ্য বিজ্ঞাপন হার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) সংরক্ষণ ও হালনাগাদ করবে।