খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া ঢাকা, শেরপুর, গাইবান্ধা ও সিরাজগঞ্জে আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

খুলনা: গতকাল সকালে পাইকগাছা উপজেলার চাঁদখালীর গজালিয়া থেকে ইঞ্জনচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে যাচ্ছিল। শিববাটি সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ইসমাইল হোসেন (৬০) এবং মোটরসাইকেল আরোহী মো. রিয়াদ গাজী (২৫) ও মাহবুব গাইন (২৮) মারা যান। পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসমাইল হোসেন পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের শাজাপাড়ার বাসিন্দা। রিয়াদ গাজী পাইকগাছা পৌর শহরের শিক্ষক আবিদুর রহমানের ছেলে এবং মাহবুব গাইন গড়ইখালী গ্রামের হারুন গাইনের ছেলে।

ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল ও রাত ১০টার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরে এ দুটি দুর্ঘটনা ঘটে।

কদমতলী থানার এসআই সাইফুল ইসলাম জানান, তিনি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে উত্তরা তিন নম্বর সেক্টরে ট্রাকের ধাক্কায় শাহজাদা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার সহকর্মী মো. রাফাতুজ জামান জানান, তারা ইকোলজিকস নামে একটি আইটি ফার্মে চাকরি করেন। শাহজাদা আইটি ইঞ্জিনিয়ার ছিলেন। তার বাসা মোহাম্মদপুর এলাকায়। রাতে ডিউটি শেষ করে বাসায় যাচ্ছিলেন। উত্তরা তিন নম্বর সেক্টরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক ধাক্কা দেয় শাহজাদাকে। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া নবাবগঞ্জের বেনুখালী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শফিউদ্দিন বাবলু (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর: জেলার নকলায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে রাশেদুল হাসান (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল নকলা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল হাসান শেরপুর সদর উপজেলার সাইদুল হকের ছেলে। তিনি মাওনা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন রাশেদুল।

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে বোগদহ উত্তর কলোনি জামে মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক রুস্তম গুরুতর আহত হন। চিকিৎসার জন্য বগুড়া নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

সিরাজগঞ্জ: জেলার তাড়াশে নসিমনের সঙ্গে ধাক্কা লেগে তোজাম উদ্দিন (৩৮) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মানিকচাপড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত মো. সিরাজ আলীর ছেলে।