বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাছুমা হাবিবকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী এই নিয়োগ দেয়া হয়েছে। তিনি ইউজিসির সদস্য হিসেবে চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তবে সরকার প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে অব্যাহতি দিতে পারবে। এছাড়া তার নিয়োগের আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, ড. মাছুমা হাবিব বর্তমানে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।










