হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। আগামী ২৫ জানুয়ারি এ নির্দেশনা কার্যকর হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ (দেড়) কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান’ পর্যন্ত) এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে গত সেপ্টেম্বর থেকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। (সর্বোচ্চ জরিমানা ১০,০০০/- অথবা ৩ মাসের কারাদণ্ড)।

এতে আরো বলা হয়, আগামী ২৫ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় (সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের রাস্তা ও পার্কিং এলাকা) এ আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অর্থাৎ হর্ন বাজালে ডিএমপির ট্রাফিক বিভাগের মাধ্যমে শান্তিমূলক ব্যবস্থা (অর্থদণ্ড) কার্যকর করা হবে। এছাড়া পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা (অর্থদণ্ড/কারাদণ্ড) করা হবে।

সুতরাং সংশ্লিষ্ট গাড়ীচালকদের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।