সারাদেশে বিভিন্ন স্থানে গেল দুইদিন বৃষ্টির পর আজ আকাশ কিছুটা মেঘমুক্ত হয়েছে। সকাল থেকে ঢাকার আকাশে রোদ উঠেছে। তবে আগামী মঙ্গলবার থেকে আবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আজ রোববার ও আগামীকাল সোমবার সারাদেশের শীতের প্রকোপ আরো বাড়তে পারে।

গতকাল দেশে সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও ঢাকায় হালকা বৃষ্টি হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হয়ে সাগরে মিশে যাচ্ছে। পরবর্তী দুইদিন শীত কিছুটা বেড়ে যাবে। এছাড়াও মঙ্গলবার ও বুধবার বজ্রসহ বৃষ্টি হতে পারে৷ তিনি বলেন, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যা ০৬টা থেকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে সাগরে অবস্থান করছে।