নন-ফিকশন বইমেলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের মেলবন্ধন তৈরিতে সহযোগিতা করে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তার যৌথ আয়োজনে ৮ম নন-ফিকশন বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বইমেলা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘এ মেলা আমাদের দুটো কারণে উদযাপন করা উচিত, প্রথমত এটি জ্ঞানচর্চার সঙ্গে জড়িত এবং দ্বিতীয়ত এটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের মেলবন্ধন তৈরিতে সহযোগিতা করে। আমাদের সমাজে এ ধরনের উদ্যোগ দরকার।’
তিনি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় যদি সমাজের সঙ্গে মেলবন্ধন তৈরি করতে না পারে তাহলে বিশ্ববিদ্যালয় তার মৌলিক উদ্দেশ্য পূরণ করতে পারে না, শুধুমাত্র একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবেই থেকে যায়। আমি আহ্বান জানাব এ মেলার তিন দিনের আয়োজনের পাশাপাশি যেন মেলার সামগ্রিক বিষয়টি মনিটরিংয়েও জোর দেয়া হয়। বিশেষ করে পাঠক-গবেষকদের মধ্যে এ মেলা কেমন প্রভাব রাখল সেটি যেন পর্যবেক্ষণ করা হয়।’
ঢাবি উপাচার্য বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই প্রকাশনা রাজনৈতিক মারপ্যাচ, গ্রুপিংয়ের বাইরে থাকবে। আমরা যতদিন পারব ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এ আদর্শকে ধরে রাখব। জ্ঞানের উৎপাদন ও বিতরণে সংকীর্ণ, হিংস্র, দলান্ধ রাজনীতি আনা যাবে না। জ্ঞান উৎপাদন ও বিতরণের মহৎ উদ্দেশ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করব।’
বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়াসহ আরো অনেকে বক্তব্য প্রদান করেন।










