একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ফের কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩১৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৬১৬ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ রোববার (২৮ এপ্রিল) বিকেল ৪টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল ২৭ এপ্রিল এবং তার আগে ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল চার দফা সোনার দাম কমানো হয়। ২৭ এপ্রিল ভালো মানের এক ভরি সোনার দাম ৬৩০ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা এবং ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়। এখন আবার দাম কমানোর মাধ্যমে পাঁচ দফায় ভালো মানের সোনার দাম ভরিতে ৬ হাজার ৮১২ টাকা কমলো।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩০৪ টাকা কমিয়ে ১ লাখ ৭ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২৫৬ টাকা কমিয়ে ৯২ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২১০ টাকা কমিয়ে ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রৌপ্যের দাম। ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রৌপ্যের দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।










