বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বর্তমান শ্রমিকবান্ধব সরকার শ্রমিকদের জন্য যা করেছে, অন্য কোনো সরকার তা করতে পারেনি।

বুধবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে বেলা ২টায় বাটা সিগনাল মোড়, এলিফ্যান্ট রোড এবং বিকাল ৪টায় ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে মিরপুর-১ গোলচত্বরে তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি, তরমুজ, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, আজকে মহান মে দিবস। এই মে দিবসে স্মরণ করতে চাই সেই সব শ্রমজীবী মানুষদের যারা আমাদের মতো ‘গাড়িঘোড়া চড়ার’ লোভ করে না, যাদের স্বপ্ন শুধু মাত্র ন্যায্য এবং মৌলিক অধিকারগুলো আদায়ের মাধ্যমে মর্যাদার সঙ্গে বেঁচে থাকা। একটি ভালো পোশাক আর তিনবেলা দু’মুঠো খাবার, আর রাতে ঘুমাবার জন্য একটা ঘর, এসবই অগণিত শ্রমজীবী মানুষের কাছে ‘স্বাধীনতা’র সমার্থক।

তিনি বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই, এ গরমের মধ্যেও লোডশেডিং সহনীয় পর্যায়ে রেখেছেন। যদিও বর্তমান সরকারের আমলে শ্রমিকদের আয় রেকর্ড বৃদ্ধি পেয়েছে কিন্তু দ্রব্যমূল্যের অনুপাতে ন্যায্য মজুরি নিশ্চিত করা সরকার এবং এর মাধ্যমে সমাজের আয়-বৈষম্যও দূর করা সম্ভব।