মানুষে মানুষে বিভেদ সৃষ্টির জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। গতকাল (৩১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘১ম জাতীয় শান্তি উৎসব’ উদযাপিত হয়।

প্রধান অতিথি হিসেবে ড. নিয়াজ আহমদ খান এই উৎসব উদ্বোধন করেন। এসময় তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। মানুষে মানুষে বিভেদ সৃষ্টির জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এসময় সকলকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও মানুষের মধ্যে বিভেদ দূর করতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাকেরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আরফান আশিকসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোলটেবিল আলোচনা, আর্ট কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, শান্তি র‍্যালি, কনসার্ট, পুনর্মিলনী ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব উদযাপিত হয়।