ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সাংবাদিকতায় অন্যায়ের সঙ্গে একবার আপস করলে সারাজীবন তা করেই যেতে হয়। এটি থেকে বের হওয়া কঠিন। পেশার মানদণ্ড মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের যত বেশি সচেতন করা যাবে, তত বেশি পেশাদারিত্ব বজায় রাখা সম্ভব হবে।
গতকাল (২৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক বিসিডিএমে টিআইবি আয়োজিত তিন দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজম’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মশালায় দেশের ২৫টি গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করা জরুরি। তিনি বলেন, সব বিষয়ে সবার মতামত একই হলে পৃথিবী বিরক্তিকর হয়ে যেত। মতপার্থক্য থেকেই পরিবর্তন আসে। আমাদের কাজগুলো সবসময়ই চ্যালেঞ্জিং, তবে এখন কাজ করার সুযোগ আগের তুলনায় অনেক বেশি।
তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। টিআইবি ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকবে এবং ডেটা সাংবাদিকতার প্রচার-প্রসারে সহযোগিতা অব্যাহত রাখবে।
টিআইবির এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুর ইসলাম, ডিজিটাল রাইটসের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী এবং মাইক্রোসফট সার্টিফায়েড প্রশিক্ষক আনোয়ার হোসেন ফকির। অনলাইনে যুক্ত ছিলেন ব্লুমবার্গের ডেটা সাংবাদিক নাজমুল আহসান।
এছাড়া কর্মশালায় আরো উপস্থিত ছিলেন টিআইবির সহকারী সমন্বয়কারী কে এম রফিকুল আলম, রিফাত রহমান এবং ডেপুটি সমন্বয়কারী জাফর সাদিক।










