বরিশাল নগরের একটি ভবন থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরের প্যারারা রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় থাকা একটি জাতীয় দৈনিকের আঞ্চলিক কার্যালয় থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

ঘটনাস্থল থেকে পুলক চ্যাটার্জির সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে পুলিশ সবকিছু যাচাই-বাছাই করছে। সিআইডির একটি দলও কাজ করছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের বরিশাল ব্যুরোপ্রধান ছিলেন। ২০২৩ সালের দিকে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। তবে জ্যেষ্ঠ সংবাদকর্মী ও সাবেক ব্যুরোপ্রধান হিসেবে মাঝেমধ্যে তিনি পত্রিকাটির আঞ্চলিক কার্যালয়ে এসে বসতেন এবং পত্রিকা পড়তেন।

পুলক চ্যাটার্জির স্ত্রী নীলোৎপলা মুখার্জি সাংবাদিকদের জানান, চাকরি হারানোর পর থেকে তার স্বামী হতাশায় ভুগছিলেন।

এদিকে পুলক চ্যার্টাজির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংবাদমাধ্যম ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, পুলক চ্যাটার্জি শুধু সাংবাদিকতায় নয়, বরিশালের প্রতিটি সামাজিক–সাংস্কৃতিক আন্দোলনেও ছিলেন অগ্রভাগে। কল্পনাও করা যায়নি তিনি এভাবে অকালে চলে যাবেন।