ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর হামলার প্রতিবাদে খুলনায় শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

মহানগরীর নতুন রাস্তা এলাকায় খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হামলার ঘটনায় করা মামলার আসামিরা গ্রেফতার না হলে আগামী রোববার থেকে পুনরায় আন্দোলন শুরু হবে বলে ঘোষণা দেন তিনি। মীর মোকসেদ আলী বলেন, জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা হবে বলে প্রশাসনের কর্মকর্তারা আমাদের আশ্বাস দিয়েছেন। 

এর আগে গতকাল সকাল থেকে পদ্মা-মেঘনা-যমুনা তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতির ফলে খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ ছিল। হামলার ঘটনায় শ্রমিকনেতা আল আমিনের ভাই বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেছেন। তবে এ মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

খালিশপুর থানার ওসি কামাল হোসেন বলেন, সোমবার দুপুরে কাশিপুর বাংলার মোড়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন আল আমিন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তার ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে সোমবার রাতে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে খালিশপুর থানায় মামলা করেন। আসামিদের গ্রেফতারের দাবিতে শ্রমিকরা গতকাল মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে জানান ওসি কামাল।