তায়কোয়ান্দোতে স্বর্ণজয়ী শাম্মী আক্তারের পাশে দাঁড়িয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এমপি কাজী নাবিল আহমেদ বসবাসের জন্য তাকে শিগগিরই একটি ঘর করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া নগদ ৫০ হাজার টাকা ও প্রতি মাসে ৫ হাজার টাকা সহায়তারও ঘোষণা দিয়েছেন। গতকাল দুপুরে এমপির সঙ্গে দেখা করতে এসেছিলেন শাম্মী। যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবনে তিনি তার সন্তানদের নিয়ে সাক্ষাৎ করেন।
শাম্মীর সাত বছর বয়সী ছেলে আবু হুরায়রা দ্বিতীয় শ্রেণীতে পড়ে ও আবু হামজা (৪) এখনো স্কুলে যায় না।
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শাম্মী আক্তার ও তার সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। তিনি শাম্মীর বর্তমান পরিস্থিতিতে সমবেদনা প্রকাশ ও তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের সম্পদ। সারা বিশ্বে শাম্মীর মতো খেলোয়াড়রা দেশকে ব্র্যান্ডিং করেন। তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে।
শাম্মী আক্তার তায়কোয়ান্দোতে এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশের খেলোয়াড়ের মধ্যে অন্যতম একজন। ২০১০ সালের গেমসে তিনি স্বর্ণ জেতেন। বাংলাদেশ আনসারের হয়ে ঘরোয়া খেলায়ও তার সাফল্য ঈর্ষণীয়। টানা চারবার জাতীয় প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন তিনি।










