উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের মানসম্মত গবেষণা পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। গবেষণায় চৌর্যবৃত্তি রোধে প্ল্যাজারিজম চেকার সফটওয়্যার ব্যবহার করার পরামর্শও দেন তিনি।

‘শিক্ষা বিভাগীয় কর্মচারী (শিক্ষক) কর্তৃক অর্জিত পিএইচডি অভিসন্দর্ভ ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ’ শীর্ষক একাডেমিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। রোববার (২৯ ডিসেম্বর) ইউজিসির সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সরকারি কলেজের ১২ জন শিক্ষকের পিএইচডি অভিসন্দর্ভ মূল্যায়ন করে শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ডিগ্রির সামঞ্জস্য নিরূপণ করা হয়।

অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন কলেজেও গবেষণা হচ্ছে। এটি জাতি গঠনে অত্যন্ত ইতিবাচক। গবেষকদের উৎসাহিত করতে হবে এবং গবেষণার জ্ঞান ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগাতে হবে।

সভায় গবেষকরা গবেষণার ফলাফল প্রকাশ, বিধি-বিধান মেনে গবেষণা পরিচালনা, সরকারি কলেজের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ এবং বাংলা ভাষার গবেষণায় চৌর্যবৃত্তি রোধে সফটওয়্যার ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়ে মতামত দেন। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নে ইউজিসির মনিটরিং জোরদারের প্রস্তাব করা হয়।

সেমিনারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. অতনু রব্বানী, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. নেভিন ফরিদা, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারটি পরিচালনা করেন ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান। সভায় সভাপতিত্ব করেন ড. ফেরদৌস জামান এবং সঞ্চালক ছিলেন অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ। ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।