চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার একটি বিমান রানওয়েতে আটকে গেছে। গতকাল সকালে ফ্লাইটটি অবতরণের সময় হাইড্রোলিক প্রেসার সিস্টেম বিকল হওয়ায় জটিলতায় পড়ে বিমানটি। এতে অল্পের জন্য রক্ষা পান ক্রুসহ বিমানের ১৯৮ যাত্রী। এ ঘটনায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ১৯১ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে এয়ার এরাবিয়ার বিমানটি। বন্দরের রানওয়েতে নামার সময় বিমানটির হাইড্রোলিক প্রেসার সিস্টেমে সমস্যা দেখা দেয়। বিমানের হাইড্রোলিক ফ্লুইড ট্যাংক খালি হয়ে যাওয়ায় প্রেসার বন্ধ হয়ে যায়। এ সময় পাইলট রানওয়েতে বিমানটির ইঞ্জিন বন্ধ করে দেন। প্রায় ১৫ মিনিট পর বিমানটিকে রানওয়ে থেকে পুশ কার ট্রেলার দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণের সময় হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে আটকে পড়ে। দ্রুত সময়ের মধ্যে সমস্যাটি সমাধান করে যাত্রীদের নিরাপদে বিমান থেকে বের করা হয়েছে। বিমানের সাত ক্রুসহ ১৯৮ জন যাত্রীর সবাই নিরাপদ রয়েছেন।