শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। একই সঙ্গে এ মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৩ মে) ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ আদেশ দেন।
এর আগে ড. মুহাম্মদ ইউনূস শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন। গত ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।










