প্রবাসীদের ভোটাধিকার চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটা সুস্পষ্ট রেখা চাই। নির্বাচন কমিশনের কাছে এটা আমাদের দাবি। আমরা চাই প্রবাসীরা যেন ভোটাধিকার পান সেজন্য সরকার কাজ করবে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যারা জেল জুলুম না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে আন্দোলন করেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। দেশে যখন নেট বন্ধ, আমরা কেউই আন্দোলন করতে পারছিলাম না। এদিকে নারকীয় হত্যাযজ্ঞ চলছিল। তখন আমাদের প্রবাসী ভাইয়েরা আন্দোলন করে আন্তর্জাতিক মহলে দেশের পরিস্থিতি তুলে ধরেছে।

তিনি আরো বলেন, বিভিন্ন দেশের মিশনেও আওয়ামী স্বৈরাচাররা প্রবাসীদের সঠিক সেবা দেয়নি। ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্তা করেছে। আমাদের মিশনগুলোতে প্রবাসীরা পাসপোর্টের জটিলতা প্রায়ই ভোগেন। আমি বেশ কয়েকবার অভিযোগ পেয়েছি। প্রবাসীদের এসব সেবার বিলম্ব যেন না ঘটে সেই আহ্বান জানান আসিফ মাহমুদ উপদেষ্টা।