দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বণিক বার্তাকে বলেন, রাত ১টা ৫২ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে— সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। বর্তমানে সেখানে আমাদের ১৮টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী— আগুনের আকার বড় বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভার পর ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যাবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, প্রথমে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর আসে রাত ১টা ৫২ মিনিটে। ফায়ার সার্ভিসের সচিবালয়ের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার পর ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।