খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় নগরের দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণে রূপসা গরুরহাট কবরস্থানের পাশে তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানান খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খান।
ওসি বলেন, নিহত রনি সরদার নগরের টুটপাড়া এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে। নগরের টুটপাড়া ও নদীর ওপার রূপসার রেল লাইনের কাছে থাকত সে। মঙ্গলবার সন্ধ্যায় রনি সরদারের গলার ডান সাইডে কানের নিচে গুলি করা হয়েছে। গুলি করেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রয়েছে।
ওসি আরো জানান, হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে। নিহত রনির বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, নিহত রনি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।










