ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত এ বিজয় দিবস নিঃসন্দেহে আরো আনন্দের, গৌরবময় ও তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত এ বিজয় দিবস নিঃসন্দেহে আরো আনন্দের, গৌরবময় ও তাৎপর্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়বদ্ধতার অঙ্গীকারের প্রতীক হয়ে থাকবে।
জাতীয় ঐক্য সুসংহত করতে কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদই জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে পারে। বৈষম্য ও বিভাজনমুক্ত বাংলাদেশ গড়তে এ ঐক্যকে কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না।
বিএনপির এ নেতা বলেন, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ, যা রাষ্ট্র ও সমাজ উভয়ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে।
তিনি বলেন, জনগণের রাজনৈতিক শক্তি সত্যিকার অর্থে তখনই সুরক্ষিত হয়, যখন জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে।
তারেক রহমান স্বীকার করেন, রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সংস্কার অনিবার্য। তিনি বলেন, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করতে হলে দৈনন্দিন চর্চায় গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি লালন করা নিয়ম ও বিধান মেনে চলার মতোই গুরুত্বপূর্ণ।










