যশোরে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল সকালে যশোর শহরের পৌর পার্ক এলাকায় অভিযান চালিয়ে ওই চোরাকারবারিকে আটক করা হয়। আটক ইমাদুল হোসেন (২৬) বেনাপোল পোর্ট থানা এলাকার উত্তর কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। এ নিয়ে গত ১৭ দিনে যশোর বিজিবি সীমান্ত এলাকা থেকে ১০৪টি স্বর্ণের বার উদ্ধার করল। এর মূল্য প্রায় ৮ কোটি টাকা।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সকালে বিজিবি সদস্যরা যশোর পৌর পার্কের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন ইমাদুল নামে এক যুবককে আটক করেন। আটকের পর তার দেহ তল্লাশি করে গেঞ্জির ভেতরে কোমরে লুকানো অবস্থায় ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ২০টি বারের ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম। এর আনুমানিক মূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।

বিজিবি জানায়, বেনাপোলের একটি চক্র যশোরে এসে স্বর্ণের বার নিয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার করে থাকে। ইমাদুল ওই চক্রের সদস্য। তিনি যশোরে এসেছিলেন স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোলে নিয়ে যাওয়ার জন্য।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা আরো জানান, গত ১৭ দিনে যশোর বিজিবি সীমান্ত এলাকা থেকে ১০৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে। ৪ ডিসেম্বর যশোরের চৌগাছার সীমান্তবর্তী শাহজাদপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন সাত কেজি। এছাড়া ১৫ ডিসেম্বর বিকালে বেনাপোলে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বারসহ এক চোরকারবারিকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত বারের আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত ১০৪টি স্বর্ণের বারের মূল্য ৭ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা।