কুমিল্লায় কাভার্ড ভ্যানের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজধানীর গাবতলী, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও ঝিনাইদহে আরো সাতজন প্রাণ হারিয়েছে। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

কুমিল্লা: জেলার দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো চারজন। গতকাল সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ পুটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মনজুরুল আলম মোল্লা।

নিহতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার গরু ব্যবসায়ী রাসেল মিয়া (৪০)। অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে তিনি গরুবাহী ট্রাকচালকের সহকারী।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনজুরুল আলম মোল্লা জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে।

ঢাকা: রাজধানীর গাবতলীতে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারা হলেন মোটরসাইকেলচালক শফিকুল ইসলাম (৪৪) ও মোটরসাইকেলের আরোহী আবুল হাসান (৩৮) এবং বাসচালকের সহকারী বাবুল আলী (৫০)।

দারুসসালাম থানা পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে গাবতলী জি বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় আরোহী আবুল হাসানকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। নিহত শফিকুলের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিমবঙ্গ বাবুপাড়ায় এবং আবুল হাসানের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার শায়েস্তাপুরে।

এছাড়া সকাল সাড়ে ৬টার দিকে গাবতলীর রজব আলী মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা বাবুল আলী নামে এক ব্যক্তিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুল আলী মারা যান। তিনি বাসচালকের সহকারী ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার গোবিন্দপুরে। চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজিবুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার কুয়াতলা-মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিবুল উপজেলার হারদি ইউনিয়নের থানাপাড়ার বুদো মিয়ার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় কাউসার আলী (৩) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার নন্দলালপুরে এ দুর্ঘটনা ঘটে। কাউসার আলী নন্দলালপুরের ইসমাইল হোসেনের ছেলে।

হিলি: নবাবগঞ্জে দুটি মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে ইসমাইল হোসেন (২৮) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নবাবগঞ্জ-দাউদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন বিরামপুর উপজেলার দক্ষিণ শাহবাজপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ: জেলার শৈলকুপায় ট্রাকচাপায় আবীর হোসেন (১২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলা ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবীর উপজেলার দুধসর চর এলাকার শানু বিশ্বাসের ছেলে।