রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটো রিকশা গ্যারেজগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট। এ অভিযানে ডিপিডিসি, ডেসকো ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে অংশগ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে ৬টি অবৈধ গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে দুটি গ্যারেজে বিদ্যুৎ লাইন সঠিক পাওয়া গেলেও বাকি ৪টি গ্যারেজে চুরি করে বিদ্যুৎ ব্যবহার হচ্ছিল। ঘটনাস্থল থেকে গ্যারেজের মালিককে গ্রেফতার করা হয়।

চোরাই বিদ্যুৎ লাইন সরবরাহকারী রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতি মাসে ২০ হাজার টাকা করে আদায় করে আসছিলেন।

এ অভিযানে ট্রাফিক তেজগাঁও বিভাগের আওতাধীন মোহাম্মদপুর ট্রাফিক জোনের ২০ সদস্য অংশগ্রহণ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো সংবাদ বিজ্ঞপ্তিতে।