ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় কেটে যাবে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সেখানে উপস্থিত সাংবাদিকেরা সিইসির কাছে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সকলেই ভোট চায়। সবাই দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত এগিয়ে আসবে তত ভয় কেটে যাবে। নিরাপত্তা পরিস্থিতি আরো উন্নত হবে।
তিনি আরো বলেন, আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই-বোনদের ভোটের ব্যবস্থা করছি। আবার ভোটের কাজে যারা নিয়োজিত তাদের ভোটের ব্যবস্থা করছি। কয়েদিদের ভোটের ব্যবস্থা করেছি। ৫৪ বছরে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। এ পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
বাংলাদেশের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হয়ে থাকবে জানিয়ে সিইসি বলেন, কিছু ভুল-ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী দিনে আরো বাড়বে।
পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়ছে। ভোট উৎসব হবে ইনশাআল্লাহ। আজকের এ অনুষ্ঠানও ভোট উৎসবের অংশ।










