যশোর সদর ও নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মামলার কারণে গতকাল বিকালে নির্বাচন কমিশন যশোর সদর উপজেলা নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়। এছাড়া রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ায় নির্বাচন স্থগিত করেছে কমিশন। তৃতীয় ধাপে ২৯ মে ১১২টি উপজেলার সঙ্গে এ দুটি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য মো. শাহারুল ইসলাম উচ্চ আদালতে রিট করেছেন। হাইকোর্ট ১৩ শাহারুলের নির্বাচনে অংশগ্রহণ ও প্রতীক বরাদ্দের আদেশ দেন।
অন্যদিকে নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হওয়ায় সেখানেও নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষর করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি গ্রামে সুমনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় সেখানে জনসংযোগ চালাচ্ছিলেন তিনি।










