ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনায় সাম্প্রতিক সহিংস ও নাশকতামূলক ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) ভারতের হাইকমিশনারকে তলব করে ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও রাষ্ট্রদূতের বাসভবনের নিরাপত্তা বেষ্টনীর বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে বিভিন্ন উগ্রপন্থি গোষ্ঠীর দ্বারা সংঘটিত ভাংচুরের ঘটনায় বাংলাদেশের সরকারের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে ভারতের সরকারকে অবহিত করে।
এ ছাড়া ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনাতেও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশ সরকার কূটনৈতিক স্থাপনায় পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শনের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ঢাকা জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের প্রতি এসব ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে যে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশের কূটনৈতিক কর্মী ও স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষিত করবে।










