ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে দেশে থিংক ট্যাংকের সংখ্যা কম রয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ছাড়া থিংক ট্যাংকের সংখ্যা কম। সারা পৃথিবীতে ভারত তৃতীয় স্থানে রয়েছে। সাউথ এশিয়ার বাকি দেশগুলোর অবস্থান ভালো না। ভারতে যুক্তরাষ্ট্রের তুলনায় চার ভাগের এক ভাগ, চীনের অর্ধেক রয়েছে। চীনে কর্তৃত্ববাদী সরকার থাকলেও রেজিমের প্রয়োজনে থিংক ট্যাংক গড়ে উঠেছে। গণতন্ত্রের প্রয়োজনে থিংক ট্যাংকের প্রয়োজন রয়েছে।’ 

গতকাল বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের মমতাজুর রহমান তরফদার সভাকক্ষে ‘আন্ডারস্ট্যান্ডিং থিংক ট্যাংকস ইন সাউথ এশিয়া: হোয়াট আর দে অ্যান্ড হোয়াট দে ডু’ শীর্ষক এই সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক অধ্যাপক ড. জসীম উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী। 

সভাপতির বক্তব্যে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘দেশে কতগুলো থিংক ট্যাংক আছে, তার মানে এই নয় সে দেশ অনেক বেশি উন্নত। বিষয়টি এমন নয় যে, বাংলাদেশে ৩৭ জন আছে, ভারতে ৪৬২ জন আছে, এদের কারণে ভারত এত উন্নত, কম থিংক ট্যাংক থাকায় বাংলাদেশে গণতন্ত্র উন্নত নয়। পৃথিবীর সব দেশে, লাতিন আমেরিকার মতো জায়গায়, সেখানে অনেকগুলো থিংক ট্যাংক আছে যেগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর অন্তরঙ্গ সম্পর্ক আছে। তাদের চিন্তাভাবনা রাজনৈতিক দলগুলোর ডিসিশন মেকিংয়ে ভূমিকা রাখে। কিন্তু আমাদের দেশে ভূমিকা শূন্য।’