যশোরের মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামে এক চা দোকানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জালাল বিশ্বাস (৫৫) ওই গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে। গতকাল ভোরে তার মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। জালাল বিশ্বাসের স্থানীয় খালিয়া মোড়ে চায়ের দোকান রয়েছে। প্রায় ২০ বছর ধরে তিনি ওই মোড়ে চা বিক্রি করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, গতকাল ভোরে জালাল বিশ্বাস বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন। বাড়ির কাছেই দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে হত্যা করে। এরপর রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে যায়। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

জালাল বিশ্বাসের স্ত্রী শাহিদা বেগম বলেন, তার স্বামী প্রতিদিন ফজরের আজানের আগে দোকানে যান। এদিনও ফজরের আজানের আগেই দোকানের উদ্দেশে বের হন। পরে সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন। তবে কারো সঙ্গে তার শত্রুতা ছিল কিনা তা জানাতে পারেননি শাহিদা বেগম।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, চা দোকানি জালাল বিশ্বাসের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।