আগামী জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হিসেবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিএনপির উদ্যোগে আয়োজিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় তিনি ভার্চুয়ালি যুক্ত হন।
তারেক রহমান বলেন, আগামী নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। এজন্য নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জনগণের সমর্থন নিয়ে যেন আমরা সেই কঠিন পথ পার হতে পারি।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা আমাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছে। কোটি মানুষের এ প্রত্যাশা আমাদের জন্য বড় দায়িত্ব। একটি রাজনৈতিক দলের সাফল্য নির্ভর করে জনগণের আস্থা অর্জনের ওপর।
তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি নির্ভর করে আপনার আচরণের ওপর। আপনারা বিএনপির প্রতিনিধিত্ব করছেন। আপনি ভালো হলে বিএনপি ভালো, আপনি খারাপ হলে বিএনপি খারাপ। জনগণকে সঙ্গে রাখুন। আমরা স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করি, যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে।
তিনি সতর্ক করে বলেন, যদি দলের ভেতর কেউ ব্যক্তিগত স্বার্থে জনগণের আস্থা ও বিশ্বাসে আঘাত করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তারেক রহমান বলেন, দলের প্রতি আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এটি আমাদের। জনগণের আস্থা অর্জন এবং দলকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা ডামি নির্বাচনে বিশ্বাস করি না। স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।










