জয়িতা ফাউন্ডেশনের সার্বিক সংস্কারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, জয়িতাকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে চাই।
রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২৪তম সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রওশন আরা বেগম, বিভিন্ন মন্ত্রণালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারী মুক্তির মহৎ স্বপ্নের নাম জয়িতা। নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন নিরন্তর কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় নারী জনগোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নের জন্য ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তা সমিতির জন্য ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দকৃত ৪৯ কোটি ৯২ লাখ টাকা থেকে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জয়িতা ফাউন্ডেশনে নিবন্ধিত নারী উদ্যোক্তা বা সমিতির নারী উদ্যোক্তারা এ ঋণ সহায়তা পাচ্ছেন।
সভায় উপদেষ্টা জয়িতা টাওয়ার নির্মাণের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে ফাউন্ডেশনের কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান।










