রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যানবাড়ি ইউটার্নে গাড়িচাপায় সহকর্মীর মৃত্যুতে ক্ষোভ ও এর প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছিলেন পোশাকশ্রমিকরা। সোমবার (১০ মার্চ) সকাল থেকে শুরু করে প্রায় ৭ ঘণ্টা অবরোধের পর দুপুর দেড়টার দিকে সড়ক থেকে সরে যান বিক্ষুব্ধরা। এরপরই যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
জানা গেছে, এদিন ভোর ৬টার দিকে বনানী এলাকায় চেয়ারম্যানবাড়ি ইউটার্নে গাড়িচাপায় মিনারা আক্তার নামে এক নারী নিহত হন। আহত হন আরেক নারী সুমাইয়া আক্তার। তারা দুজনই পেশায় পোশাকশ্রমিক। সেখান থেকে সুমাইয়া আক্তারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পরপরই সড়ক অবরোধ করেন দুটি কারখানার শ্রমিকেরা। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও। চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
সড়কে আটকা পড়া যাত্রীরা জানান, সকাল থেকেই তীব্র যানজট। এক পোশাককর্মী গাড়িচাপায় নিহত হওয়ায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে বসে থাকতে হয়েছে। উপায় না পেয়ে অনেককে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে।
পরে দুপুরের দিকে ওই এলাকায় পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানো হয়। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান। দীর্ঘ চেষ্টার পর এক পর্যায়ে তারা নিহতের বিক্ষুব্ধ সহকর্মীদের বোঝাতে সক্ষম হন। এরপরই পোশাকশ্রমিকরা অবরোধ তুলে নেন।










