বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আটটি ট্রাকে ১১১ টন বিস্ফোরক আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। গতকাল বিকাল ৪টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ বিস্ফোরক দ্রব্যের ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।
বন্দর সূত্রে জানায়, ১ লাখ ২২ হাজার ৪৭২ ডলার মূল্যে ১১১ টন বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করছে। বাংলাদেশী টাকায় এসব বিস্ফোরকের মূল্য ১ কোটি ৫৩ লাখ ২ হাজার ৫৮২ টাকা। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ টন বিস্ফোরক আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।
এদিকে বেনাপোল বন্দর থেকে বিস্ফোরক দ্রবের চালান খালাস করেছে এএস ইন্টারন্যাশনাল নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট। ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশী ট্রাকে করে দিনাজপুর যাবে বলে জানা গেছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খননকাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।










