বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪’-এর সমাপনী অনুষ্ঠান গতকাল রাজেন্দ্রপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিপসট) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলনের সফল সমাপ্তি ঘোষণা করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে সহযোগী বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আমাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।’ তিনি আশা প্রকাশ করেন, অনুশীলন টাইগার লাইটনিং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রকে আরো বিস্তৃত করতে সহায়ক হবে। এছাড়া প্রধান অতিথি এ অনুশীলন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিপসট ও যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে কমান্ড্যান্ট বিপসট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। —আইএসপিআর