ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার খুনিদের গ্রেফতারে আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে নাগরিক সমাজ। একইসঙ্গে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ পদত্যাগ দাবি করেন নাগরিক সমাজ। এ সময় আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফাসহ আরো অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
সামিনা লুৎফা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই। দেশকে অস্থিতিশীল করতেই এ হামলা চালানো হয়েছে। এটি পূর্বপরিকল্পিত। আসছে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানারকম খেলা চলছে। তাই দয়া করে আইন হাতে তুলে নেবেন না কেউ।
তিনি আরো বলেন, ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মারা যান। এ হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে। এতদিনেও অপরাধীদের ধরা হয়নি। এ নিয়ে নানা ধরনের খামখেয়ালি কাজ দেখতে পাচ্ছি আমরা, যা রাষ্ট্রের কাছে আশা করি না। অতএব এ দায় নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই।
উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে চালানো হামলা পূর্বপরিকল্পিত। দেশকে অস্থিতিশীল করার একটি জঘন্য প্রচেষ্টা মাত্র। এর সঙ্গে জড়িতদেরও খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। গণমাধ্যমের ওপর এ হামলার বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ জানানোর অনুরোধ করেন নাগরিক সমাজের ব্যানারে বিশিষ্টজনরা।










