আগামীকাল রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকার হেয়ার রোডে উপদেষ্টার বাসভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখা হবে না। রোববার থেকেই নিয়মিত কার্যক্রম চলবে।

উপদেষ্টা আরো বলেন, মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি হতে দেয়া হবে না। একই সঙ্গে বিগত সরকারের দুর্নীতির তথ্য লোপাটের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

সভায় তিনি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড আরো গতিশীল করার জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। জনস্বার্থে চলমান উন্নয়ন কার্যক্রমকে সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা।