ভুয়া প্রতিষ্ঠানের নামে হিসাব খুলে ২৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রিমিয়ার ব্যাংকের তিন কর্মকর্তাসহ চারজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপপরিচালক এরশাদ মিয়া মামলাটি দায়ের করেছেন।

আসামিরা হলেন প্রিমিয়ার ব্যাংক কাকরাইল শাখার সাবেক এসএভিপি বর্তমানে বসুন্ধরা শাখায় কর্মরত আনিস উর রহমান, কাকরাইল শাখার সাবেক জেএভিপি বর্তমানে মৌচাক শাখার ম্যানেজার এসএভিপি মোহাম্মদ ইফতেখার আলম ও কাকরাইল শাখার সাবেক এক্সিকিউটিভ অফিসার বর্তমানে সাউথইস্ট ব্যাংকের এফএভিপি শাহাদত হোসেন। অন্য আসামি হলেন ঋণগ্রহীতা সুজন এন্টারপ্রাইজের হাসিব আহসান।

গত ২৭ এপ্রিল দায়ের করা মামলার এজাহারে অভিযোগ আনা হয়, ২০১০ সালের ৭ জুলাই প্রিমিয়ার ব্যাংকের কাকরাইল শাখায় একটি হিসাব খোলেন সুজন এন্টারপ্রাইজের হাসিব হাসান। ২০১৬ সালের ১৫ মার্চ নিজেকে ব্যবসায়ী দাবি করে ৩০ লাখ টাকার ওডি ঋণের আবেদন করেন। পরের দিন তার নামে ২৮ লাখ টাকার ঋণ অনুমোদন দেয়া হয়।

দুদক অনুসন্ধানে পেয়েছে, মূলত ভূয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে আত্মসাৎ করা হয়েছে। বর্তমানে আসল ২৮ লাখ টাকা ও সুদ ২৬ লাখ ৯৪ হাজার টাকাসহ তা ৫৪ লাখ ৯৪ হাজার টাকায় দাঁড়িয়েছে।