দেশের প্রথম শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ভয়েস অব বিজনেস আয়োজন করতে যাচ্ছে ভিওবি উইক। বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের প্রাঙ্গণে আয়োজন করা হবে ভিওবি উইকের ১৪তম পর্ব।
এ আয়োজনের অন্যতম আকর্ষণ জব ফেয়ার। আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ব্যবসায় অনুষদ প্রাঙ্গণে এ ফেয়ারের আয়োজন করা হবে, যেখানে দেশী এবং বহুজাতিক ১৫টির বেশি প্রতিষ্ঠান থাকবে যাদের মধ্যে উল্লেখযোগ্য ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আরলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও আইএলডিসি। এ আয়োজনের গণমাধ্যম সহযোগী বণিক বার্তা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে ভয়েস অব বিজনেস ম্যাগাজিনের ১৪তম সংস্করণ। এছাড়াও একই দিনে আয়োজন করা হবে ভিওবি রাইটিং কন্টেস্ট’২৪- এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর এ সবকিছুর মাঝে বরণ করে নেয়া হবে ক্লাবটির নতুন সদস্যদের।
উল্লেখ্য, ভয়েস অব বিজনেস ২০০৭ সালে দেশের প্রথম শিক্ষার্থী পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা ক্লাব হিসেবে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ক্লাবটি ১৩টি ম্যাগাজিন প্রকাশ করেছে। এছাড়াও ক্লাবটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময় BRANDril সহ বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করে থাকে।










