সাভারের কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। অভিযানে ডিজিএম (মেট্রো-৫), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এবং তিতাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে ঝাউচর ও নয়াগাঁও এলাকার বেশ কয়েকটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে আল মোহাম্মদিয়া ফার্নিচার, খানাঢুলি কারখানা এবং মা-বাবার দোয়া অ্যালুমিনিয়াম কারখানার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে সাতটি অবৈধ গ্যাস বার্নার, তিনটি অবৈধ সংযোগ ও ৩০০ ফুটের বেশি বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও ২৪০ ফুট এমএস পাইপ, সাতটি বার্নার, একটি কম্প্রেসর মেশিন বা বুস্টার, বেশ কিছু বার্নারের যন্ত্রাংশ এবং একটি আরএমএস সেট জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে কারখানাগুলোর মালিকদের কাউকে পাওয়া যায়নি। তাই তাৎক্ষণিক কোনো শাস্তি আরোপ করা সম্ভব হয়নি। তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ধানমণ্ডি অফিসের ব্যবস্থাপককে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসন, ঢাকার অবগতিতে এই অভিযান পরিচালনা করা হয়।










