অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, ‘বেশকিছু ভুঁইফোঁড় অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গজিয়ে গেছে। তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে। অপপ্রচার করে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে।’
গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়গুলো নিয়ে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি। যারা পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা করেন, তারাও এ ধরনের পোর্টাল ও অনলাইনভিত্তিক পত্রিকাগুলো বন্ধের দাবি করেছেন। সাংবাদিক বন্ধুরাই বলছেন, এ ধরনের অপসাংবাদিকতার চর্চা যারা করেন তারা আসলে পেশাদার সাংবাদিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ দাবি শুধু সংসদ সদস্যদের নয় বা রাজনীতিবিদ অথবা সমাজের অন্যান্য স্তরের জনগণের নয়, খোদ সাংবাদিক সমাজ থেকেই এসেছে।’










