আবহাওয়া অধিদপ্তর মে মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে। গতকাল অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ পূর্বাভাস দেন। সেখানে মে মাসের গরম, তাপপ্রবাহ, বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়—এসব বিষয়ে পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে স্বাভাবিক বৃষ্টিই হতে পারে। দেশের কোথাও কোথাও এক-তিনটি মৃদু ও মাঝারি এবং এক-দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
সদ্য শেষ হওয়া এপ্রিলজুড়ে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে গেছে। এমন অবস্থা গত ৭৬ বছরে হয়নি বলে আবহাওয়া অফিস জানিয়েছিল। তবে মে মাসের তাপমাত্রা এপ্রিলের চেয়ে কিছুটা কম থাকবে বলে জানিয়েছেন মো. আজিজুর রহমান। তিনি বলেন, ‘মে মাসে স্বাভাবিক বৃষ্টি হলেও তাপমাত্রা একটু বেশি থাকতে পারে। তবে তা এপ্রিলের মতো অবস্থায় যাবে না। তাপপ্রবাহ এত দীর্ঘ সময় ধরে থাকবে না।’
মে মাসে তিন-পাঁচদিন হালকা কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর দুই-তিনদিন বজ্র-শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী হতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে এক-দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ মাসের মাঝামাঝি সময়ে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও এ বার্তায় বলা হয়েছে।
এ মাসে দেশের উত্তরাঞ্চল বা উত্তর-পূর্বাঞ্চলের (সিলেটসহ হাওর অঞ্চলে) নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। কিছু জায়গায় তা বিপৎসীমা অতিক্রম করতে পারে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের হার ২৭৭ দশমিক ৩ মিলিমিটার। তবে গত এপ্রিলে দেশে স্বাভাবিকের চেয়ে ৮১ ভাগ কম বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি কম হয়েছে ৯১ শতাংশ। রাজশাহী ও রংপুর বিভাগে এপ্রিলে কোনো বৃষ্টিই হয়নি।










