ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে ভিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সম্মিলিত ডাকসু আন্দোলনের একদল শিক্ষার্থী।

কর্মসূচির এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিটিংয়ে বসেন ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার ও প্রক্টর। দীর্ঘ মিটিংয়ের মধ্য দিয়ে ঢাবি প্রশাসন থেকে বলা হয়, যেহেতু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ৪টি কমিটি গঠন করা হয়েছে, সুতরাং প্রসিডিউর মেইনটেইন করা ছাড়া আমাদের পক্ষ থেকে এখনই কোনো ঘোষণা দেয়া সম্ভব নয় এবং এটি বৈধও হবে না। তবে ডাকসু কেন্দ্রিক কয়েকটি বিষয় নিশ্চিত করেছে ঢাবি প্রশাসন। সেগুলো হলো—

১. আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গঠিত ৪টি কমিটির কার্যক্রমের হালনাগাদ আমাদেরকে জানানো হবে।

২. আজকে সিন্ডিকেটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরবর্তী দশ দিনের মধ্যে দ্বিতীয় সিন্ডিকেট মিটিং আহ্বান করা হবে এবং দ্বিতীয় সিন্ডিকেট মিটিংয়ে সংস্কার প্রস্তাবনা ও আচরণবিধি অনুমোদনের বিষয়টি তোলা হবে।

৩. এ সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে মার্চের তৃতীয় সপ্তাহ নাগাদ নির্বাচন কমিশনার নিয়োগ, ভোটার তালিকা হালনাগাদসহ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই তিনটি বিষয় নিশ্চিত হওয়ার পর শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি থেকে সংগৃহীত স্বাক্ষর ভিসির কাছে হস্তান্তর করে।