হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় শতাধিক লোক আহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার আগোয়া বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। সংঘর্ষে নিহতরা হলেন আগোয়া গ্রামের আব্দুল কাদির (২৫), সিরাজ মিয়া (৫০), লিলু মিয়া (৪০), তার ভাই জিলু মিয়া (৪২) ও আনু মিয়া। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, মন্দরী ইউনিয়নের আগোয়া গ্রামে ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য প্রার্থী বদির মিয়ার মধ্যে আগের বিরোধ ছিল। এর জের ধরে গতকাল দুপুরে দুজনের সমর্থক অটোরিকশা চালক আবদুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়ার মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঘটনাস্থলে আবদুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। আহত হয় শতাধিক মানুষ। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে লিলু নামের আরো একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরবর্তী সময়ে সিলেটে নেয়ার পথে মৃত্যু হয় লিলুর ভাই জিলু মিয়া ও আনু মিয়ার।
তিনি আরো বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দুই দিক থেকে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় সংঘর্ষকারীরা একে অন্যের বসতঘরও ভাংচুর করেছে। ঘটনার পর থেকে গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছে গ্রামের সামর্থ্যবান পুরুষরা।










