একটি রেস্টুরেন্টের খাবার খেয়ে রাজধানীর দনিয়া কলেজের আট ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (৮ মে) বিকাল ৫টার দিকে অসুস্থ হয়ে তারা ঢাকা মেডিকেলে আসে। অসুস্থরা হলেন জুই আক্তার মিম (১৮), মারিয়া আক্তার (১৭), মরিয়াম বেগম (১৮), ফারিয়া আক্তার (১৭), সানজিদা আক্তার (১৮), সাদিয়া আফরিন (১৯), ফারজানা আক্তার (১৮) ও রোজিনা আক্তার (১৭)।
তাদের সঙ্গে আসা নুসরাত জাহিন নামে এক শিক্ষার্থী জানান, তারা সবাই
দনিয়া কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। তারা কলেজে র্যাগ ডে পালন করছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে তারা প্রায় ৫০ জন শিক্ষার্থী দনিয়া ট্রাকস্ট্যান্ডে একটি রেস্টুরেন্টে
খেতে যান। সেখানে তারা প্রথমে কেক কাটেন। এরপর আনন্দ উল্লাস করছিলেন। তখন হঠাৎ বিদ্যুৎ
চলে যায়। এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একটা স্প্রে ব্যবহার করে। এরপর সবাই ফ্রাইড রাইস,
চিকেন ও সব্জি খান। খাওয়ার কিছুক্ষণ পর একে একে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে স্থানীয়
একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর
জানতে পারি প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্রী অসুস্থ হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া
হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা
জানান, কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে এসেছে। তবে তাদের অবস্থা গুরুতর না।
ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)
মো. বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ির দনিয়া এলাকা থেকে আট শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে
এসেছে। তারা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। এ বিষয়ে জানতে চাইলে
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, দনিয়া কলেজের কিছু ছাত্রী
র্যাগ ডে পালন করছিল। পরে দনিয়া ট্রাকস্ট্যান্ড এলাকায় ‘টার্কিস কাবাব পার্টি সেন্টার’
নামে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। সেখানে খাবার খাওয়ার পর কয়েকজন ছাত্রী অসুস্থ
হয়ে পড়ে। এর মধ্যে কয়েকজন ঢাকা মেডিকেলে গেছে চিকিৎসা নিতে। এছাড়া কয়েকজন স্থানীয় হাসপাতালে
আছে। তবে তাদের অবস্থা গুরুতর না। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে কী কারণে এ ঘটনাটি ঘটেছে।










