পরিবেশগত মূল্যবোধ ও নৈতিকতা চর্চার ভেতর দিয়ে প্রাণ-প্রকৃতি ও বৈচিত্র্য সুরক্ষিত থাকবে এবং প্রাকৃতিক পরিবেশ বিকশিত হবে। অন্যদিকে পরিবেশ নৈতিকতা চর্চা এবং পরিবেশ সুরক্ষায় নৈতিক মূল্যবোধ প্রজন্মের ভেতর জাগ্রত না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে।
গতকাল রাজধানীর আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (ইইএসডি) আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিসার্চ সেন্টার ফর ইনডিজেনাস নলেজের (বারসিক) পরিচালক লেখক ও গবেষক পাভেল পার্থ। প্রবন্ধে তিনি বলেন, ‘মানুষ ও পরিবেশের ভেতর সম্পর্কের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ নিয়ে আলাপ করেন পরিবেশ নীতিবিদরা। পরিবেশগত ক্ষয়ের কারণে সহজলভ্য প্রাকৃতিক সম্পদগুলো ক্রমান্বয়ে দুর্লভ হয়ে ওঠে এবং প্রাণিকুলের বেঁচে থাকাকে সংকটে ফেলে দেয়। পরিবেশগত এ ক্ষয়রোধ করার জন্য আমাদের দায়দায়িত্ব আছে।’
সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসানের সভাপতিত্বে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসম্পাদক মিহির বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক অধ্যাপক আফসান চৌধুরী, আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল প্রমুখ।
সেমিনার শেষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পূর্বে অনুষ্ঠিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠিত ‘এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (ইইএসডি) প্রতিষ্ঠানটি নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটির (নাবিক) সহায়তায় দেশের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা গঠনে কাজ করে যাচ্ছে।










