ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে মিশু আলি (২৪), আকিব আল হাসান (২৩), রিয়াজ উদ্দীন সাকিব (২৪) সহ মোট ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধা দেয়ায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। শীর্ষ পদে আসা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান, উত্তেজনা ও হাতাহাতি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা যায়, এ কমিটিতে তাদের কম রাখা হয়েছে এবং তারা বৈষম্যের শিকার হয়েছেন। তাদের অবদান ভুলে গিয়ে তাদেরকে কমিটি থেকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

সংবাদ সম্মেলন বিকাল তিনটায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রায় ২ ঘন্টা অতিবাহিত হলেও শুরু করতে পারেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা। এক পর্যায়ে বিকাল ৫টায় সংগঠনের নাম ঘোষণা করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার।

এরপর তারা মিছিল নিয়ে মল চত্বরের দিকে এগিয়ে যান। সেখানে পদবঞ্চিত দাবি করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের দ্বিতীয় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন নারী শিক্ষার্থী আহত হন।

মধুর ক্যান্টিনে পদবঞ্চিতদের বিক্ষোভ ও হাতাহাতি প্রসঙ্গে নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদের আহবায়ক আবু বাকের মজুমদার বলেন, নতুন ছাত্র সংগঠনের প্রতি সারা দেশের ছাত্রদের যে প্রত্যাশা জুলাই অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে আমরা সে প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাব। মধুর ক্যান্টিনে যারা বিক্ষোভ করেছে, তারা কমিটি ঘোষণা হওয়ার আগেই বৈষম্যের অভিযোগ তুলে শ্লোগান দিচ্ছিল, এতে বোঝা যায় তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। তবে আমরা সারা দেশের ছাত্রদের সঙ্গে নিয়েই কাজ করে যাব, কারো কোনো যৌক্তিক দাবি থাকলে আমরা আলোচনা করে তা সমাধান করব।