চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে ৪০টি আবর্জনা ফেলার কনটেইনার কিনেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। চিটাগং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) থেকে কনটেইনারগুলো কেনা হয়েছে। গতকাল নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ের বিন্নাঘাস প্রকল্প এলাকায় মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে কনটেইনারগুলো হস্তান্তর করেন সিডিডিএলের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. বেনজীর মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা লতিফুল হক কাজমি।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নগরীর পরিচ্ছন্নতায় আমরা সক্ষমতা বাড়াতে মনোযোগ দিচ্ছি। সরকারি প্রতিষ্ঠান সিডিডিএল থেকে উন্নত মানের ৪০টি কনটেইনার কিনেছি এবং বিআরটিসি থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহৃত গাড়ি সংস্কার করছি। এতে পরিচ্ছন্নতাকাজের মান বাড়বে এবং ব্যয় কমবে। নগরবাসী পরিচ্ছন্ন চট্টগ্রাম চাইলেও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থাপন করতে গেলে বিভিন্ন ধরনের বাধা পাচ্ছি। এজন্য ব্যয়বহুল হলেও আন্ডারগ্রাউন্ড এসটিএস করতে চাই। বিদ্যমান দুটি ল্যান্ডফিল্ড পূর্ণ হয়ে আসায় ৫০ একর জায়গা কেনার চিন্তাও করছি। বর্জ্য ব্যবস্থাপনাসংক্রান্ত একাধিক প্রস্তাব পেয়েছি। প্রস্তাবগুলো আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’