এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহের পর চলতি মাসের শুরু থেকে দিনের তাপমাত্রা বেশ অনেকটাই কমে গেছে। তবে বৃহস্পতিবার (৯ মে) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আট বিভাগেই কম-বেশি ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। বৃষ্টির প্রবণতা আগামী দু-দিন অব্যাহত থাকতে পারে।এতে রাতের তাপমাত্রা কমতে পারে। 

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল কুষ্টিয়ার কুমারখালীতে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে। গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে। ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃষ্টির প্রবণতা আগামী দু-দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।