সড়ক দুর্ঘটনায় আট জেলায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে দিনাজপুর, সাতক্ষীরা, সিলেট, টাঙ্গাইল, মাদারীপুর, শেরপুর, নরসিংদী ও গোপালগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
দিনাজপুর: জেলার ফুলবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশাচালক নজরুল ইসলাম (৪৮) ও যাত্রী জাহানারা বেগম (৫০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার অন্য দুই যাত্রী। তাদের আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। গতকাল সকালে উপজেলার আলদিপুর ইউনিয়নের বারাইহাটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান।
সাতক্ষীরা: ভোমরা স্থলবন্দর ও খুলনা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ভারতীয় এক শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগনা জেলার বসিরহাটের শাহীন মণ্ডল (২০), সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গুরুগ্রামের জুলফিকার আলী (৪৫) ও পাটকেলঘাটার কৃষ্ণনগর গ্রামের মনিরুল ইসলাম (৩৪)।
সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম জানান, ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে পাথর খালাস করেন শাহীন মণ্ডল (২০)। পরে ট্রাকে উঠতে গিয়ে তিনি নিচে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, পাটকেলঘাটার ভৈরবনগর মোড়ে বিকল একটি ডাম্প ট্রাককে ধাক্কা দেয় খুলনাগামী পণ্যবোঝাই অন্য একটি ট্রাক। এতে ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে গেলে সেটাতে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সিলেট: জেলার বিশ্বনাথে বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো আট যাত্রী। গতকাল সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শ্যামনগর কাজীবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের শিব্বির আহমদ (৪২) ও শাহিন মিয়া (২৮)।
টাঙ্গাইল: ঘাটাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলচালক। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার কদমতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঘাটাইল উপজেলার কদমতলীর জুলহাস মিয়ার ছেলে বাদশা মিয়া (৪৫) এবং কাশতলা গ্রামের জুয়েল (৪৬)। ঘাটাইল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদারীপুর: শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় আহমদ ব্যাপারী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ্চরের নাইম ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ ব্যাপারী উপজেলার বাহাদুরপুর বালাকান্দির বাসিন্দা।
শেরপুর: ট্রাকচাপায় পল্লী বিদ্যুতের এক মিটার রিডার নিহত হয়েছেন। আহত হয়েছেন তার এক সহকর্মী। গতকাল দুপুরে শেরপুর শহরের গৌরীপুর নতুন বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হুমায়ুন কবিরের বাড়ি পাশের জামালপুর জেলার নান্দিনা রনামপুরে। তিনি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চুক্তিভিত্তিক মিটার রিডার হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, হুমায়ুন কবির ও তার এক সহকর্মী দুপুরে শহরের গৌরীপুর নতুন বাস টার্মিনালে এলে মোটরসাইকেল পিছলে তারা রাস্তার ওপর পড়ে যান। এ সময় একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যান।
নরসিংদী: নসিমনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। গতকাল নরসিংদী সদর উপজেলার বাদুয়াচর সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনায় নিহত ওই নারীর পরিচয় জানাতে পারেননি তিনি।
গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীতে বাসচাপায় মোশারেফ হোসেন মৃধা (৪৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার হিরণ্যকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন মৃধা নড়াইলের লোহাগাড়া উপজেলার বাবুল মৃধার ছেলে।
কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, মোটরসাইকেল করে নড়াইলের লোহাগড়া থেকে গাজীপুরে যাচ্ছিলেন মোশারেফ হোসেন মৃধা। কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দিতে পৌঁছলে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মহাসড়কের ওপর ছিটকে পড়েন মোশারেফ। পরে একটি বাস এসে তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।










